সোমবার (১৬ ডিসেম্বর) ব্রিসবেনে টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের ৪৪৫ রানের জবাবে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। সফরকারীরা ৩৯৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনের শঙ্কায় পড়েছে।
দফায় দফায় বৃষ্টিতে খেলা হয়েছে বিঘ্নিত। খেলা হয়েছে মাত্র ৩৩.১ ওভার। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দিনের খেলা আরম্ভ করেছিল। স্বাগতিকরা তাদের শেষ ৩ উইকেট হারানোর আগে আরো ৪০ রান যোগ করে।
.png)
শেষ ব্যাটার হিসেনে আউট হওয়ার আগে ক্যারি ৮৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে বল হাতে দাপট দেখানো জাসপ্রিত বুমরাহ ৭৬ রানে পান ৬ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন।
ওপেনার লোকেশ রাহুল ৩৩ রানে অপরাজিত থাকলেও তার চোখের সামনে চার ব্যাটারের আসা-যাওয়া দেখেছেন। যশস্বী জয়সওয়াল (৪), শুভমান গিল (১), বিরাট কোহলি (৯) ও রিশভ পন্থ (৯) দুই অংকের ঘরে যেতে পারেননি।
আগের টেস্ট থেকে মিডল অর্ডারে নিজেকে নামিয়ে ফেলা অধিনায়ক রোহিত শর্মাকে (০*) নিয়ে কোনোরকমে দিন পার করেন রাহুল। ক্যাঙ্গারুদের হয়ে মিচেল ২টি এবং প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড একটি করে উইকেট ঝুলিতে ভরেন।
পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার। ওভার ঘাটতি পোষাতে আধা ঘণ্টা আগে অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে বল মাঠে গড়াবে।