ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিদায়ী টেস্টে ‘৯৮’-তে থামলেন সাউদি, জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৬ ডিসেম্বর ২০২৪
বিদায়ী টেস্টে ‘৯৮’-তে থামলেন সাউদি, জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড 
শেষ টেস্ট ইনিংস খেলার পর হেঁটে মাঠ ছাড়ার মুহূর্তে টিম সাউদি

প্রথম দুই টেস্ট হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। তবে হোয়াইটওয়াশ এড়াতে শেষ টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে কিউইরা। টিম সাউদির বিদায়ী টেস্ট স্বাগতিকদের জয়ে রাঙানো এখন কেবল সময়ের ব্যাপার।

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪৭ রানের জবাবে ইংল্যান্ড মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। ২০৪ রানের লিড পেলেও ব্ল্যাক ক্যাপসরা প্রতিপক্ষকে ফলোঅন করায়নি। দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রানের পুঁজি পায়। ইংলিশরা ৬৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১৮ রানে ২ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি। ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে দিনের খেলা আরম্ভ করে নিউজিল্যান্ড। 

Advertisement

আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান। পরে ইনিংসটিকে দেড়শতে টেনে নিয়ে যান। শোয়েব বশিরের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ২০৪ বলে ২০ চার ও এক ছক্কায় ১৫৬ রানের নান্দনিক ইনিংস খেলেন। পরে ড্যারিল মিচেল ৬০, মিচেল স্যান্টনার ৪৯ ও টম ব্লান্ডেলের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভর করে কিউইরা দলীয় সাড়ে চারশ রানের গণ্ডি পেরোয়।

টেস্ট ক্রিকেটে বেন স্টোকস (১৩৩), ব্র্যান্ডন ম্যাককালাম (১০৭) আর অ্যাডাম গিলক্রিস্ট (১০০) ছাড়া আর কেউ ১০০টি ছক্কা হাঁকাতে পারেননি। একজন পরিপূর্ণ বোলার হয়েও বিদায়ী টেস্টে টিম সাউদির সামনে ছিল সেই সুযোগ। নিজের শেষ ইনিংসটা যেদিন খেলতে নেমেছেন তখন তার নামের পাশে ৯৮টি ছক্কা। তবে জ্যাকব বেথেলের বলে মাত্র ২ রান করে ফেরেন। 

দিনের শেষ বেলায় টিম সাউদির বলে বেন ডাকেট বোল্ড হন। ম্যাট হেনরির বলে জ্যাক ক্রলি লেগ বিফোরের ফাঁদে ফিরলে বড় হারের শঙ্কা নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। জয়ের জন্য তাদের এখনো দরকার ৬৪০ রান, হাতে রয়েছে ৮ উইকেট।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!