গত সপ্তাহে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির কল্যাণে রুটকে ছাড়িয়ে যান ব্রুক। ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটার অবশ্য রুটের চেয়ে মারে এক রেটিং পয়েন্ট এগিয়ে আছেন।
ক্যারিয়ারসেরা ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রুক। অভিজ্ঞ রুট অবশ্য তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে ৮৯৭ রেটিং পয়েন্টে অবস্থান করছেন। চলতি বছরের জুলাইয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে এতদিন রুট শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
.png)
বেসিন রিজার্ভে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইংল্যান্ডের ৩২৩ রানের দুর্দান্ত জয়ের ম্যাচে ব্রুক ১২৩ এবং ৫৫ রানের ইনিংস খেলেন। একই টেস্টে রুটের ব্যাটে আসে ৩ ও ১০৬ রান।
আগের মতোই তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন ও যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার তারকা ট্র্যাভিস হেড ছয় ধাপ উপরে উঠে পঞ্চম অবস্থানে এসেছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তিন ধাপ উপরে উঠে সপ্তম স্থানে রয়েছেন।
বোলারদের র্যাংকিংয়ে ভারতীয় পেসার শীর্ষস্থান বজায় রেখেছেন। কাগিসো রাবাদা ও জশ হ্যাজেলউড জথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এক ধাপ উপরে উঠে নবম স্থানে এসেছেন।