শনিবার (৭ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। অ্যাওয়ে ম্যাচের জন্য মাদ্রিদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেন লস ব্লাংকোস কোচ কার্লো আনচেলত্তি। সেখানে প্রত্যাশিত সময়ের আগেই ভিনিসিয়ুস জুনিয়রের সেরে ওঠার কথা তিনি জানান।
আনচেলত্তি বলেন, ‘এটা আমাদের জন্য একটি ভালো খবর যে ভিনি দলে ফিরেছে। আগামাীকালের ম্যাচে তাকে দলে রাখা হচ্ছে না। তবে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে সে মাঠে নামবে।’
.png)
এছাড়া প্রায় এক বছর মাঠের বাইরে থাকা অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবারও ফিরতে আর বেশি দেরি নেই বলে জানান বছর ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান। তার ভাষ্য, ‘সে এরই মধ্যে অনুশীলনে ফিরেছে। কিন্তু এখনই তার ফেরা হচ্ছে না। আলাবাকে মাঠে দেখতে চলতি মাসটা অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে সে অবশ্যই খেলবে।’
চোটাক্রান্ত হওয়ার ৩৫৫ দিন পর গত শুক্রবার অনুশীলনের ফিরেছেন ডেভিড আলাবা। দীর্ঘদিন ধরে চোটে ভোগায় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ- এমন গুঞ্জন ছড়িয়েছি এমনকি তিনি অবসর নিয়ে নিতে পারেন বলেও খবর ভেসে বেড়াচ্ছিল। তবে এসব গুঞ্জন উড়িয়ে রিয়ালের জার্সিতেই তিনি অনুশীলন শুরু করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম অবস্থানে রয়েছে রিয়াল। এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে চলা আটালান্টার বিপক্ষে ভিনিসিয়ুসের দলে ফেরা রিয়াল মাদ্রিদের জন্য সত্যিকার অর্থেই স্বস্তিদায়ক।