ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দশজনের দল নিয়ে দিয়াবাতের গোলে কিংসকে হারাল মোহামেডান 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ৬ ডিসেম্বর ২০২৪
দশজনের দল নিয়ে দিয়াবাতের গোলে কিংসকে হারাল মোহামেডান 
সোলেমান দিয়াবাতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোটা ম্যাচে ৭০ মিনিটেরও বেশি সময় দশ জন নিয়ে খেলা সাদাকালোদের হয়ে জয়সূচক গোলটি করেন সোলেমান দিয়াবাতে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (৬ ডিসেম্বর) ম্যাচের ২৫ মিনিটের মধ্যে মোহামেডান দশজনের দলে পরিণত হয়। শূন্যে ভেসে থাকা বলে কিংসের ফরোয়ার্ড রাকিব বলের নিয়ন্ত্রণ নেয়ার আগে মোহামেডানের গোলরক্ষক সুজন এগিয়ে যান। তাদের মধ্যে শারীরিক সংঘর্ষ ঘটলে দুজনই চোট পেয়ে মাটিতে পড়ে যান। 

রেফারি সাইমুম সানি সহকারী রেফারির সঙ্গে আলোচনার পর মোহামেডানের গোলরক্ষক সুজনকে সরাসরি লাল কার্ড দেখান। এ সময় ফরোয়ার্ড আরিফকে বেঞ্চে বসিয়ে দ্বিতীয় গোলরক্ষক সাকিবকে নামাতে বাধ্য হয় মোহামেডান।

Advertisement

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে মালির ফরোয়ার্ড দিয়াবাতে ডি বক্সের সামনে বল পান। সুযোগ কাজে লাগিয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে কোণাকুণি জোরালো শটে নিশানাভেদ করেন।

সোলেমান দিয়াবাতে প্রায় ১৫ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। তার নেয়া পেনাল্টি কিক কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ প্রতিহত করেন। 

আরেক খেলায় নাবিব নেওয়াজ জীবনের জোড়া লক্ষ্যভেদে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। 

প্রিমিয়ার লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দুইয়ে রহমতগঞ্জ। বসুন্ধরা কিংস ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!