ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের টিকিট পাওয়ায় হকি দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ৩ ডিসেম্বর ২০২৪
বিশ্বকাপের টিকিট পাওয়ায় হকি দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। লাল-সবুজের অনূর্ধ্ব-২১ দলকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হকি দল তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকাটে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে জুনিয়র বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। টার্ফের লড়াইয়ে খেলোয়াড়রা দেখায় আধিপত্য। ম্যাচটা অন্য সব লড়াইয়ের মতো নয়, ছিল স্বপ্ন পূরণের। হকিস্টিক হাতে যেন সেই আকাঙ্ক্ষার চমৎকার বাস্তবায়ন করে দলটি দেখায়।

Advertisement

বাংলাদেশ বি-গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল। এ জয়ের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি বাংলাদেশের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলাটাও নিশ্চিত করেছে। 

আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকির বিশ্বকাপের ১৪তম আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!