সাদা বলে পাকিস্তানের নতুন কোচ আকিব জাভেদ
সম্প্রতি গুঞ্জন শুরু হয়, জেসন গিলেস্পির পরিবর্তে পাকিস্তানের হেড কোচ হবেন আকিব জাভেদ। তবে চাকরি হারাননি গিলেস্পি। তাকে লাল বলের দায়িত্বে রাখা হয়েছে। তবে আকিবকে সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন হিসেবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাবেক এ পাকিস্তানি পেসার। সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত এপ্রিলে গিলেস্পিকে টেস্ট এবং গ্যারি কারস্টেনকে ওয়ানডে ও টি-২০র প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। তবে গত ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগমুহূর্তে কারস্টেন গদত্যাগ করলে গিলেস্পিকে এই সফরে পাকিস্তানের কোচের দায়িত্ব দেওয়া হয়।
গিলেস্পির অধীনে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ হারের স্বাদ দেয় পাকিস্তান। তিন ফরম্যাটের কোচ হিসেবে তাকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিতে প্রাথমিক আলোচনাও শুরু করেছিল তারা।
কিন্তু সাদা বলের কোচের দায়িত্ব পালনের জন্য বর্তমান চুক্তিতে পাওয়া বেতনের সঙ্গে অতিরিক্ত বেতন দিতে রাজি ছিল না পিসিবি। অতিরিক্ত দায়িত্বের জন্য বাড়তি বেতন না দিতে পিসিবি রাজি না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন গিলেস্পি।
সে সময় গুঞ্জন ওঠে, লাল বলের দায়িত্ব থেকেও ছাঁটাই হচ্ছেন গিলেস্পি। পরে এমন খবরকে উড়িয়ে দিয়ে পিসিবি নিশ্চিত করে, লাল বলের দায়িত্বে গিলেস্পিই থাকছেন। অন্যদিকে সাদা বলের দায়িত্ব দিতে স্থায়ী কোচের সন্ধানে নেমেছে পিসিবি।
আপাতত অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে থাকবেন তিনি।
সাবেক এ পেসারের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া যাত্রা শেষে জিম্বাবুয়ে সফরে যাবেন বাবর-রিজওয়ানরা। এরপর জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায়।
জিম্বাবুয়েতে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকায় তাদের পূর্ণাঙ্গ সফর। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টের আগে ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলবে পাকিস্তান দল।
৫২ বছর বয়সী আকিব জাভেদ সম্প্রতি পাকিস্তানের ছেলেদের দলের নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কোচ হিসেবেও আছে তার অভিজ্ঞতা। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ছিলেন।
১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২২ টেস্ট ও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আকিব। যেখানে তার শিকার ২৩৬ উইকেট।