ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে ফেরার আগে পরীক্ষা দিতে হবে তামিমকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯, ১৪ নভেম্বর ২০২৪
মাঠে ফেরার আগে পরীক্ষা দিতে হবে তামিমকে
তামিম ইকবাল

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে। গতবার নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তামিম ইকবাল। এবারও বরিশালের ফ্র্যাঞ্চাইজির হয়েই মাঠ মাতাবেন এই ড্যাশিং ওপেনার।

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম, এই খবর জানা গিয়েছিল আগেই। কিন্তু সেই টুর্নামেন্টে খেলতে হলে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। এমনটাই জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার।

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের খেলা শেষে প্রথমবারের মতো মাঠে গড়াবে এনসিএল টি-২০। আগামী ১১ ডিসেম্বর এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। এই এনসিএল টি-২০ দিয়েই দেশের ক্রিকেটে তামিম ইকবালের প্রত্যাবর্তন হচ্ছে।

Advertisement

১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি-২০ চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। তামিম এই টুর্নামেন্টে চট্টগ্রামের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে জানা গেছে। তবে টুর্নামেন্টে খেলতে হলে তামিমকে ফিটনেস টেস্টে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে হান্নান সরকার বলেন,  ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’

তিনি যোগ করেন, ‘এনসিএল টি-২০ খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।’

এনসিএল টি-২০র গ্রুপ পর্বের খেলাগুলো হবে সিলেটে। তবে ফাইনাল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেক পরে ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। বিপিএলে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতেই এনসিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!