ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৭ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম যে তিক্ত অভিজ্ঞতা পেলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ১০ নভেম্বর ২০২৪
১৭ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম যে তিক্ত অভিজ্ঞতা পেলেন গার্দিওলা
পেপ গার্দিওলা

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার দীর্ঘ ১৭ বছরের। সম্ভাব্য প্রায় সব ট্রফি জেতা এ কোচ এর আগে এমন কঠিন পরিস্থিতিতে পরেননি। এই প্রথম যে টানা চার ম্যাচে কোচ হিসেবে হেরেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০৬ সালের পর এই প্রথম টানা চার হারল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। এর আগে লিগ কাপে টটেনহাম, চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবন এবং ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে টানা ৩ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি।

সিটির এই দুরবস্থার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে দলের বড় মাপের চোট সমস্যা। সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি, যিনি এ বছরের ব্যালন ডি’অর জয় করেছেন, তিনি এসিএল ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে।

Advertisement

দলের প্রধান চার সেন্টার ব্যাক রুবেন দিয়াজ, জন স্টোনস, মানুয়েল আকাঞ্জি ও নাথান আকের অনুপস্থিতিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেভিন ডি ব্রুইন ইনজুরি থেকে ফিরলেও এখনো ফর্মে আসতে পারেননি।

ব্রাইটনের বিপক্ষে ম্যাচে প্রথমে গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। তবে ম্যাচের শেষ দিকে জোয়াও পেদ্রো ও ম্যাট ও’ রাইলির গোল সিটির জয়কে পরাজয়ে পরিণত করে। হালান্ডের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এর আগে কখনো গোল করে হারতে হয়নি, কিন্তু এবার সেই অভিজ্ঞতা হলো।

সিটির হারের দিনে লিভারপুল নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটি আরও মজবুত করেছে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে আছে, আর সিটি ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!