এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার রাতে খেলার প্রথমার্ধে তিন গোলের লিদ পায় বার্সা। বিরতির পর ছন্দপতন। একটির বেশি গোল হজম না করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। খেলার ধার অনেকটাই কমে যায়।
ম্যাচ শেষ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ডার্বি ম্যাচ সবসময়ই কঠিন। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে যতটা আমাদের ভালো করার কথা, ততটা করতে পারিনি। অনেকবার বলের নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি, মনোযোগ হারিয়েছি। ততটা তাড়না ছিল না এবং অনেক ভুল করেছি। এসব কারণেই এস্পানিওল একটি গোল শোধ দিতে পেরেছে। এখানে আমাদের উন্নতি করা লাগবে।’
.png)
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড। ভুল শুধরে এই ম্যাচে নিজেদের চেনা ছন্দে ফিরতে ফুটবলারদের পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন কোচ।
‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো করতে পারিনি। তবে দলকে বলেছি, এরকম মাঝেমধ্যে হতে পারে। এমন পারফরম্যান্সও আজকে মেনে নিচ্ছি। কারণ শেষ পর্যন্ত দল জিতেছে। লিগে এখন পর্যন্ত ছেলেরা দারুণ করছে। তবে বুধবার অবশ্যই আমাদের আরো ভালো করতে হবে।’
প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলার কৌশলে সফল বার্সা। এমন পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হলেও আপাতত এটি ধরেই এগোতে চান ফ্লিক। তার ভাষ্য, ‘এটা আমাদের খেলার ধরণের অংশ। এভাবেই আমরা খেলি।’
এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে, ১২ ম্যাচে দলটির পয়েন্ট ৩৩। দুইয়ে থাকা রিয়াল ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে। আরেক খেলায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে ১২ ন্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ।