শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। তিনি খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
ড. মোহাম্মদ ইউনূস তার সূচনা বক্তব্যে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, ‘এই সাফল্য অর্জনের জন্য আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সাফল্য এনে দিয়েছেন।’
.png)
বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। এছাড়াও নিয়মিতভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও তারা পাচ্ছেন না। বাঘিনীদের সমস্যাগুলো লিখিতভাবে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের দাবি পূরণের চেষ্টা করবো। এখন যদি কিছু সুরাহা করা যায়, তবে আমরা এখনই তা করবো।’
অনুষ্ঠানে ফুটবলারদের সঙ্গে উপস্থিত ছিলেন কোচ পিটার জেমস বাটলার ও ম্যানেজার মাহমুদা আক্তার। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও নুরজাহান বেগমও হাজির ছিলেন।