খানিক পর বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারলেও ফাইনালে মাঠে নামছেন শামসুন্নাহার জুনিয়র। তাকে জায়গা দিতে বেঞ্চে বসবেন মোসাম্মৎ সাগরিকা। কোচ পিটার জেমস বাটলার ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন।
বাংলাদেশ এখন পর্যন্ত ভালো ব্র্যান্ডের ফুটবল দেখিয়েছে এবং শেষ পর্যন্ত এ-গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের লড়াইয়ে পৌঁছে যায়। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ভালো খেলেনি। কোনো মতে হার এড়িয়ে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। পরের ম্যাচে অবশ্য ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে ৩-১ গোলে জেতে। সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দেয়নি বাংলার বাঘিনীরা, প্রতিপক্ষকে ৭-১ গোলে উড়িয়ে দেয়।
.png)
এবারের আসরে নেপাল নিজেদের প্রথম খেলায় ভুটানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে হোঁচট খায়। পরের ম্যাচে মালদ্বীপকে ১১-০ ও শ্রীলংকাকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। অপরাজিত দলটি গোলপার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে যায়। শেষ চারের লড়াইয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে (৪-১) জিতে হিমালয়ের দেশটি ফাইনালে যায়।
বাংলাদেশের শুরুর একাদশ: রূপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, সাবিনা খাতুন (অধিনায়ক), মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন,ঋতুপর্ণা চাকমা।