ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সংবাদ সম্মেলনে তাইজুল 

শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনা নেই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৪
শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনা নেই
নাজমুল হোসেন শান্ত

সম্প্রতি ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের খবরে প্রকাশ, নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানানো হয়। দলের ক্রিকেটারদের মধ্যে বিষয়টি নিয়ে কেমন প্রতিক্রিয়া, তা নিয়ে অনেকের রয়েছে কৌতূহল।

সোমবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের প্রতিনিধি হিসেবে তাইজুল ইসলাম হাজির হন। অধিনায়ক হওয়া সত্ত্বেও শান্তর অনুপস্থিতি ছিল ইঙ্গিতপূর্ণ ঘটনা। টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব ছাড়া নিয়ে বাঁহাতি স্পিনার পরিস্থিতি সম্পর্কে কথা বলেন।   

‘এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার অংশও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। অধিনায়ক কে হবে, এরকম টিম মিটিং কখনোই হয়নি। আমি জানিই না ভাই এই বিষয়ে।’ 

Advertisement

সিরিজের মাঝপথে অধিনায়কত্ব নিয়ে আলোচনা দলে কেমন প্রভাব ফেলে, জানতে চাইলে তাইজুল বললেন, ‘এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই গুরুত্বপূর্ণ। প্রভাব হয়তো কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে।’ 

‘আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ-অধিনায়ক কে হচ্ছে, এটা আসলে আমাদের অংশ না।’ 

বর্তমানে ওমরাহ পালন করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি দেশে এলেই অধিনায়ক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘সে আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!