সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে খেলা। প্রথমবার এল ক্লাসিকো খেলতে মুখিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ সমর্থকেরা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বড় আশা দেখছে। বার্সার তুরুপের তাস হয়ে উঠতে পারেন লামিনে ইয়ামাল। ভরসার আরেক নাম অভিজ্ঞ রবার্ট লেভানদোভস্কি।
চ্যাম্পিয়ন্স লিগে দুই দল দারুণ ছন্দে থেকে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে ৫-২ ব্যবধানের জয় তুলে নেয় রিয়াল। চমৎকার এক হ্যাটট্রিক উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দারুণ হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে দলটির বিপক্ষে প্রায় এক দশক পর জয়ের স্বাদ পায় বার্সেলোনা।
.png)
এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকেও পাচ্ছে না রিয়াল। ডর্টমুন্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন এই উইঙ্গার। চোটের কবলে পড়ে খেলবেন না গোলরক্ষক থিবো কর্তোয়া। এছাড়া বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠের বাইরে থাকছেন ডেভিড আলাবা এবং দানি কারভাহাল।
চোট সমস্যা আছে বার্সেলোনার ডেরাতেও। মার্ক-আন্দ্রে টের স্টেগান গুরুতর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন । নির্ভরযোগ্য ডিফেন্ডার রোনাল্ড আরাউজো বাইরে আছেন অনেক দিন ধরে। সম্প্রতি গাভি, ফ্রেংকি ডি ইয়ং, দানি ওলমো, ফেরমিন লোপেজের চোট কাটিয়ে ফেরাটা তাদের জন্য স্বস্তির।
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল জিতলে পয়েন্টে বার্সাকে ধরে ফেলবে। অন্যদিকে, বার্সা জিতলে ব্যবধান বাড়িয়ে নিতে পারবে।