বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা অলআউটের আগে স্কোরবোর্ডে তোলে ২৫৯ রান। জবাবে প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে ১৬ রান। যশস্বী জয়সওয়াল ৬ ও শুভমান গিল ৯ রানে অপরাজিত আছেন।
টপ অর্ডার ব্যাটারদের উপর ভর করে বড় পুঁজির দিকেই সফরকারীরা এগোচ্ছিল। একপর্যায়ে স্কোর ছিল ৩ উইকেটে ১৯৭। এরপর ওয়াশিংটন তার অফব্রেক বোলিংয়ে ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের নাজেহাল করে ছাড়েন। ৬৩ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে বসে।
.png)
অধিনায়ক টম ল্যাথাম ব্যক্তিগত ১৫ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেফ বিফোরে কাটা পড়েন। ডেভন কনওয়ে ১১ চারে সর্বাধিক ৭৬ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক রিশভ পান্টের গ্লাভসবন্দি হন। একইভাবে সাজঘরে ফেরেন ১৮ রান করা উইল ইয়াং।
ফিফটি হাঁকানো রাচীন রবীন্দ্র ৫ চার ও এক ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে ওয়াশিংটনের বলে বোল্ড হন। এরপর কিউইদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। আটে নামা মিচেল স্যান্টনারের ৩৩ রানের ইনিংসে নিউজিল্যান্ড দলীয় আড়াইশর গণ্ডি পেরোতে সক্ষম হয়।
ভারতের পক্ষে ওয়াশিংটন ৫৯ রান খরচায় পান ৭ উইকেট। অশ্বিন ৬৪ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়া রোহিত শর্মার উইকেট হারায়। টিম সাউদির বলে ভারতীয় অধিনায়ক রানের খাতা না খুলে বোল্ড হন। বাকি সময়টা অবশ্য জয়সওয়া ও গিল নিরাপদে পার করেন।
বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।