ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফে নির্বাচনের বিপক্ষে থাকলেও মেনে নিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ২১ অক্টোবর ২০২৪
বাফুফে নির্বাচনের বিপক্ষে থাকলেও মেনে নিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

সাংবাদিকদের আকস্মিকভাবে জানানো হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পরিদর্শনে আসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেজন্য চারপাশে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে হাজির হন ক্রীড়া উপদেষ্টা। সেখানে ফুটবল ফেডারেশনের নির্বাচন বিপক্ষে মত দিলেও বাস্তবতার নিরিখে আয়োজন সম্পন্নের বিষয়টি মেনে নিয়েছেন তিনি।

কাউন্সিলর হিসেবে এবার যারা বাফুফে নির্বাচনের ভোটার হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তাদের অংশগ্রহণ নিয়েই ছিল আসিফ মাহমুদের আপত্তি।   

সোমবার দুপুর পৌনে ৩টার দিকে বাফুফে ভবনে হাজির হন ক্রীড়া উপদেষ্টা। প্রায় ঘণ্টাখানেক পর প্রেস কনফারেন্স কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আগের কাউন্সিলরদের সংস্থানে রেখে আমি নির্বাচনের বিপক্ষে। সেটা আমি আগেও বলেছি। কিন্তু ফিফার নিয়ম আর বাফুফের স্বায়ত্তশাসনের উপর সম্মান আমাদের রাখতে হবে।

Advertisement

‘বাফুফের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এ নিয়ে আমি সন্দিহান। আগের অনেক কাউন্সিলরই এখানে রয়েছেন। যাদের অনেকে পলাতক ও আসামী এ রকমটা শুনেছি। ফিফার বাধ্যবাধকতা, বাফুফের নিয়মের দিকে সম্মান রাখতে হচ্ছে।’

আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙেছেন। ২০০৮ সালে বাফুফে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন করেছে। ফলে এখানে জাতীয় ক্রীড়া পরিষদের কোনো এখতিয়ার নেই। এই জেলা-বিভাগের ভোটগুলোই বাফুফের এক পক্ষের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। 

এ বিষয়ে উপদেষ্টার বক্তব্য, ‘ভোট আসলেই ডিএফএ (ঢাকা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) সরব হয়। নিয়মিত জেলা পর্যায়ে লিগ হয় না। এরকমটাই শুনেছি। এর দায় যারা এত দিন ছিলেন বাফুফেতে তাদেরকেই দেব।’ 

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নতুন কমিটির সঙ্গে কিছু কাজ করতে চান উপদেষ্টা, ‘ফিফার সঙ্গে কিছু বিষয় আলোচনা প্রয়োজন। বাফুফের মাধ্যমে আমরা সেটি করবো।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!