ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের রাজত্বে ভাগ বসালেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২১ অক্টোবর ২০২৪
সাকিবের রাজত্বে ভাগ বসালেন তাইজুল
তাইজুল ইসলাম

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে দুইশ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একমাত্র বাংলাদেশি হিসেবে এতদিন এ অর্জনটি সাকিব আল হাসানের দখলে ছিল।

সোমবার (২১ অক্টোবর) মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে গুঁড়িয়ে যায় লাল সবুজরা। মন্থর পিচে ব্যাট করতে নেমে চাপে পড়ে সফরকারীরাও।

বাঁ হাতের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকাকে একাই কুপোকাত করে চলেছেন তাইজুল। প্রথম দিন ৬ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এর মধ্যে একাই ৫ উইকেট নিয়েছেন তাইজুল। চতুর্থ উইকেট শিকারের মাধ্যমে তিনি প্রবেশ করেন ২০০ উইকেটের ক্লাবে।

Advertisement

এ ম্যাচের আগে ৪৭ টেস্টে তাইজুলের শিকার ছিল ১৯৬ উইকেট। অভিষিক্ত ম্যাথু ব্রিটস্কিকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে মাইলফলকে পৌঁছান এ স্পিনার। তার আগে টেস্টে একমাত্র বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের ক্লাবে ছিলেন সাকিব।

এ মাইলফলক অর্জন করতে টাইগার অলরাউন্ডার সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ। সে হিসেবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তাইজুল।

তৃতীয় বাংলাদেশি হিসেবে এ ক্লাবে প্রবেশ করার পথে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৪৭ ম্যাচে তার শিকার ১৮৩ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!