ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএল ড্রাফটে দেশের যত তারকা ক্রিকেটার দল পাননি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২, ১৫ অক্টোবর ২০২৪
বিপিএল ড্রাফটে দেশের যত তারকা ক্রিকেটার দল পাননি
ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৭৮ জন ক্রিকেটার দল পেয়েছেন।

তবে এতজনের মাঝেও প্লেয়ার্স ড্রাফটে সাত ফ্র্যাঞ্চাইজির কাছে দেশের একাধিক তারকা ক্রিকেটার উপেক্ষিত থেকেছেন। যে তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, রুবেল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাসুম আহমেদ ও শুভাগত হোমরা।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন মোসাদ্দেক হোসেন। গত আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ছিলেন দেশের হয়ে ৮০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এ অলরাউন্ডার।

Advertisement

চলতি বছরই মোসাদ্দেকের নেতৃত্বে ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বল-ব্যাট হাতে পারফরম্যান্সটাও খারাপ না। কিন্তু এরপরও কোনো ফ্র্যাঞ্চাইজি এবার তাকে দলে ভেড়ায়নি।

মোসাদ্দেকের মতো গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া শুভাগত হোমও এবার দল পাননি। অন্যদিকে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মুমিনুল হককে নেয়নি কোনো দল।

এর বাইরে নাসুম আহমেদ ও নাজমুল অপুদের মতো স্পিনারদের দল না পাওয়াটা অপ্রত্যাশিত। বিপিএলের সবগুলো আসরেই তারা নিয়মিত পারফরম্যান্স করে গেছেন। জাতীয় দলেও যখন সুযোগ পেয়েছেন, দ্যুতি ছড়িয়েছেন।

গত আসরে নাসুম খুলনা টাইগার্স আর নাজমুল অপু খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সে। একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থেকেছেন এক সময় তিন সংস্করণেই জাতীয় দলের অটো চয়েজ থাকা রুবেল হোসেন।

ডানহাতি এই পেসার এখন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। গত বছর খুলনা টাইগার্সে খেলা এ পেসারকে এবার দলে ভেড়ায়নি কেউই।

এদিন ফ্র্যাঞ্চাইজিদের সুনজরে পড়েননি ফজলে মাহমুদ রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সাদমান ইসলাম, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, কাজী অনিক, সাকলায়েন সজীব, সুমন খান, মুক্তার আলী, শামসুর রহমান, সোহাগ গাজি, ফরহাদ রেজারাও।

যদিও এখনো সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের।

বিপিএলের এবারের আসরে তিনটি ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিয়েছে দুর্বার রাজশাহী। এছাড়া নতুন ফ্র‍্যাঞ্চাইজির মধ্যে আছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।

সব ঠিকঠাক থাকলে বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!