সাকিব আল হাসান টি-২০ থেকে অবসর নেয়ায় মিরাজ অলরাউন্ডার হিসেবে জায়গাটা নেবেন বলেই অনেকের প্রত্যাশা। যদিও তাকে খেলানোর কৌশল নিয়ে দলের ভাবনার জায়গাটা পরিষ্কার নয়। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই টাইগার ক্রিকেটারকে ব্যাটিং অর্ডারের আট নম্বরে নামানো হয়। দ্বিতীয় খেলায় তাকে এগিয়ে এনে পাঁচে খেলানো হয়েছিল।
হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে টাইগারদের ফিল্ডিং কোচ নিক পোথাসও বিষয়টির খোলাসা করতে পারেননি। বরং তার মন্তব্য ছিল বিস্ময়কর।
.png)
‘আমরা অনেক বেশি কন্ডিশননির্ভর এবং আমরা দারুণ ভাগ্যবান মিরাজের মত কাউকে পেয়ে। কারণ সে ব্যাট করতে পারে টপ এবং মিডল অর্ডার দুই জায়গাতেই। বলও করতে পারে ভালো। শেষ ম্যাচটা শুধু শেষ ম্যাচই। এমনটা হতেই পারে, এটাই টি-২০ ক্রিকেট। সে আমাদের বিকল্পের সুযোগ দিচ্ছে কারণ তার ৩টি স্কিল রয়েছে অনেক হাই কোয়ালিটির।’
‘যেহেতু সে বিশ্বকাপে ছিল না, ফলে তাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে দেখব যেন একটি রোল খুঁজে পাই তার জন্য যেখানে সে ভবিষ্যতে খেলবে। বর্তমানে আমরা অনেক ভাগ্যবান তার মত একজন ক্রিকেটার পেয়ে যাকে যেখানে খুশি খেলাতে পারছি ম্যাচভেদে এবং সাথে কন্ডিশনও বিবেচনায় নিতে হবে।’
কোনো ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো ক্রিকেটে স্বাভাবিক বিষয়। তবে অতিমাত্রায় এটির ব্যবহার একজন খেলোয়াড়ের ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়ায়। মিরাজের নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নিয়ে ম্যানেজমেন্ট কবে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে, তা আপাতত অনিশ্চিত।