কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিকে সামনে রেখে চার দিন আগে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
কিন্তু চোটের কারণে স্কোয়াডের সব সদস্যকে পাচ্ছে না আর্জেন্টিনা। এর আগে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেজ, পাওলো দিবালা ও মার্কোস আকুনা। এবার ছিটকে গেলেন গার্নাচোও।
.png)
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, কোনো ঝুঁকি না নিয়ে যেন তিনি বিশ্রাম নেন।
এমন অবস্থায় স্কালোনিও এ উইঙ্গারকে ঝুঁকিতে না ফেলতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের অস্বস্তি নিয়ে গার্নাচো বলেন, ‘সবশেষ (ক্লাবের হয়ে) দুই ম্যাচে হাঁটুতে সমস্যা অনুভব করেছি। যার কারণে জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে পরবর্তী সময়ে যোগ দেব।’
শঙ্কা আছে জের্মান পেজেল্লা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলা নিয়েও। যদিও তারা হালকা চোটে ভুগছেন। তবে ম্যাচ খেললে বাড়তে পারে ঝুঁকি। এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।