রবসন রবিনহোর ক্লাবে যোগদান নিয়ে ধোঁয়াশা আছে কিছুটা। তবে তা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর বেশ কয়েকদিন আগে ভুটান যাবে বসুন্ধরা কিংস।
দেশের ফুটবলে অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস। রেকর্ড গড়ে টানা পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও এশিয়ার মঞ্চে বরাবরই হতাশ হতে হয়েছে কিংসকে। যেখানে গ্রুপ পর্ব পেরোনোই বড় চ্যলেঞ্জ।
.png)
তবে এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে নতুন কোচের অধীনে প্রস্তুতি নিতে শুরু করছে ক্লাবটি।
এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার নিয়ে বাধ্যবাধকতা না থাকায় মোহামেডান থেকে ধারে সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে কিংস। শুধু মালির এই ফুটবলার নয়, এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের সঙ্গী হবে ঘরোয়া ফুটবলের আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার।
বিদেশিদের মধ্যে কিংসে যোগ দিয়েছেন ফ্রান্সের জায়েদ খাজা, ব্রাজিলের জনাথন ফার্নান্দেজ ও নাইজেরিয়ান ঈসা এজে। তবে এখনো যোগ দেননি মিগুয়েল পেরেইরা। এদিকে ধোঁয়াশা আছে রবসন রবিনহোকে নিয়ে। গুঞ্জন আছে ভারতের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান।
আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। 'এ' গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি।