ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমি এখন আর রেকর্ডের খোঁজে থাকি না: রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১ অক্টোবর ২০২৪
আমি এখন আর রেকর্ডের খোঁজে থাকি না: রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সাফল্যে ভরা ক্যারিয়ারে সিআর সেভেন করেছেন অসংখ্য রেকর্ড। তবে এখন আর রেকর্ডের খোঁজে না থেকে বাকিটা সময় খেলা উপভোগ করতে চান এই পর্তুগিজ মহাতারকা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ গোলের রেকর্ড রোনালদোর। এই তালিকায় পর্তুগিজ সুপারস্টারের ধারেকাছেও নেই আর কোনো ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, তার আন্তর্জাতিক গোলসংখ্যা ১০৯টি। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও সবচেয়ে বেশি গোল রোনালদোর, ১৪০টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার চেয়ে বেশি গোল আর কারোরই নেই। ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে এখন হাজার গোলের স্বপ্নপূরণের পথে আছেন তিনি। 

Advertisement

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতারের আল রাইয়ানের বিপক্ষে দারুণ এক গোল করেন রোনালদো। তার মোট গোলসংখ্যা এখন ৯০৪টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের গোলের চেয়ে দলের জয়ে জয় নিয়েই বেশি উচ্ছ্বাস প্রকাশ করেনে তিনি। 

রোনালদো বলেন, ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অন্য সব ম্যাচের মতো এটিও প্রতিদ্বন্দ্বিতামূলক ও কঠিন ম্যাচ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। এছাড়া প্রতিপক্ষকে সহজ সুযোগ তৈরি করা থেকে বিরত রাখতে রক্ষণ ভালোভাবে সামলেছি।’ 

‘আমি সেরা কিনা সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়, এখন আর ওসব নিয়ে ভাবি না। গোল করতে পারা একজন খেলোয়াড়ের জন্য দারুণ কিছু, তবে আমার কাছে দলের জয়টাই মুখ্য। আমি রেকর্ড ভাঙতে অভ্যস্ত, এখন অবশ্য আর রেকর্ডের খোঁজে থাকি না। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলা উপেভোগ করা এবং আল নাসর ও আমার সতীর্থদের জিততে সহায়তা করা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!