নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করেছে ভারত।
ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে পাগলাটে শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। নিজের খেলা প্রথম দুই বলেই ছক্কা হাঁকান রোহিত। জসওয়ালও ছেড়ে কথা বলেননি। দুজনের ব্যাটে মাত্র ৩ ওভারে ৫১ রানে পৌঁছায় ভারত। যা টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।
.png)
এর আগে তিন উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে বাংলাদেশ। মুমিনুল হক ছাড়া কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ১০৭ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। এর আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি।
দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে টেইল এন্ডাররাও উপহার দেয় হতাশা। মাত্র ৯ রানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। ভারতের হয়ে বুমরাহ তিনটি, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট শিকার করেন।