ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপ: কিউইদের হোয়াইটওয়াশে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপ: কিউইদের হোয়াইটওয়াশে বাংলাদেশের উন্নতি
গল টেস্টে বড় পরাজয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড

সফরকারী নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলংকা। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে বাংলাদেশ।

গল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলংকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষণা করে। কামিন্দু মেন্ডিস ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ৬ উইকেট শিকারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানে অলআউট হয়। লঙ্কান অফব্রেক বোলার নিশান পেরিস নেন ৬ উইকেট। 

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে হারের পর দুই ধাপ নিচে নেমে টেবিলের ছয় নম্বরে ছিল টাইগাররা। কিউইদের ধবলধোলাইয়ে এখন পঞ্চম স্থানে থাকা নাজমুল হোসেন শান্তর দলের ৭ খেলায় ৩ জয়ে পয়েন্ট ৩৩। দলটির শতকরা পয়েন্ট ৩৯.২৯ শতাংশ। 

Advertisement

তিন ধাপ পেছনে চলে গিয়ে সাত নম্বরে নিউজিল্যান্ড। দলটি ৮ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট পেয়েছে। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৩৭.৫০ শতাংশ। ৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে।

বাংলাদেশের মতো এক ধাপ উপরে উঠে চতুর্থ ও ষষ্ঠ স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯। ছয় ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট ঝুলিতে ভরেছে প্রোটিয়ারা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে শীর্ষস্থানে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। 

চলতি মাসে টাইগারদের কাছে  হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা  ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!