আগামী ২৭ তারিখ কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। যেখানে ভারতের সামনে ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ। নিজেদের মাঠে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আগে থেকেই নিজেদের করে রেখেছিল টিম ইন্ডিয়া। তবে ভারতের সামনে আছে আরো কিছু লক্ষ্য।
টেস্টে ভারতের পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ঘরের মাঠেই কিউইদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরপর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই দুই সিরিজকে সামনে রেখে দলে আসতে পারে বেশকিছু পরিবর্তন।
.png)
সিরিজ শুরুর আগেই এমন কিছুর আভাস দিয়ে রেখেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে পেস ইউনিটে পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাও দেখা যেতে পারে জাসপ্রিত বুমরাহকে।
চেন্নাইয়ে বাংলাদেশের নাভিশ্বাস তুলেছিলেন বুমরাহ। পরের সিরিজগুলোতে ভারতের তুরুপের তাস হতে পারেন এই পেসার। যে কারণে কানপুরে তাকে একাদশে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপকে দেখা যাবে দুই পেসারের ভূমিকায়।
একাদশে যুক্ত হতে পারেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সিরিজে ১৯ উইকেট পাওয়া কুলদীপ প্রথম টেস্টের দলে ছিলেন না। এবার তাকে সুযোগ দেওয়া হতে পারে। লোকেশ রাহুলের জায়গায় সুযোগ পেতে পারেন সরফরাজ খানও।
দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিশাভ পান্ট, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।