টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকেরের সাদা পোশাকে রেকর্ড কেমন?
হাংজু এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে জাতীয় দলে জাকের আলী অনিকের অভিষেক হয়েছিল। তবে আসল অভিষেকটা হয় গত মার্চে। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজে সুযোগ পেয়ে ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস দিয়ে পরিচিতি পান তিনি।
টি-২০ ক্রিকেটে জাকেরের পরিচিতি এখন ফিনিশার হিসেবে। জাতীয় দলের জার্সিতে ১৭টি টি-২০ খেলা জাকেরের সামনে আজ খুলেছে নতুন দরজা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেটকিপার।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে নতুন মুখ জাকের। আগেই টি-২০ অভিষেক হওয়া জাকের এই প্রথম টেস্টের দলে ডাক পেলেন।
দেশের ক্রিকেটাঙ্গনে মারকুটে ব্যাটারের তকমা লেগেছে জাকেরের গায়ে। এই উইকেটকিপার সবশেষ বিপিএলে ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট করে ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৯ রান। ফিনিশার হিসেবে তার এই পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল।
শ্রীলংকার বিপক্ষে সেই বিস্ফোরক ইনিংসের পর অবশ্য টি-২০তে তেমন ঝড় আর দেখা যায়নি জাকেরের ব্যাটে। সব মিলিয়ে ১৭টি আন্তর্জাতিক টি-২০র ১৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ২৭.২২ গড় ও ১১৬.৬৬ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন তিনি।
ঘরোয়া সার্কিটে অবশ্য জাকের সবচেয়ে উজ্জ্বল লঙ্গার ভার্সন ক্রিকেটে। গত কয়েক মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের অন্যতম সেরা পারফরমার এই উইকেটকিপার। যে কারণে অনেকদিন থেকেই টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন, কিন্তু সুযোগটা মিলছিল না।
অবশেষে গত মাসে বাংলাদেশ 'এ' দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে শাহিনসের বিপক্ষে ২৮৬ বলে ১৭২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জাকের। ১৭টি চার এবং ৫টি ছক্কায় খেলা সেই ইনিংসের পর তাকে আর উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা।
২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ইনিংসে ব্যাট করেছেন জাকের। যেখানে ৪০.১২ গড়ে তার রান ২০০৬। ক্যারিয়ার গড়ও বাংলাদেশের ব্যাটারদের বিবেচনায় বেশ ভালো- ৪৯ ম্যাচে ৮১ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ২৮৬২ রান। গড় ৪১.৪৭।
টি-২০র পাশাপাশি লঙ্গার ভার্সনের ক্রিকেট উপভোগ করেন জাকের। টেস্টের ধৈর্যশীল মেজাজে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জটা উপভোগ করেন বলেই জানিয়েছিলেন তিনি। এবার দেখা যাক, জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে কতটা মানিয়ে নিতে পারেন জাকের।