প্রথম তিনদিন বৃষ্টির জন্য টস পর্যন্ত করা সম্ভব হয়নি। চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিলো। তবে তাতেও কোন লাভ হয়নি। সকাল থেকেই বৃষ্টি শুরু হয় গ্রেটার নয়ডায়। তবে বৃষ্টি না হলেও খেলা হওয়ার সম্ভাবনা ছিল না।
কারণ বুধবার (১১ সেপ্টেম্বর) রাতেও অনেক বৃষ্টি হয়েছে। ফলে ভেজা আউটফিল্ডের কারণে খেলা হওয়ার সম্ভাবনা ছিল না। চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার আগে ধারাভাষ্যকার বলেন, গত এক সপ্তাহে ১২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
.png)
গত এক দশকে কোনো টেস্টের চারদিনের খেলা না হওয়ার নজির আছে মাত্র তিনটি। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্টের প্রথম দিনের পর বাকি দিনগুলোতে খেলা হয়নি বৃষ্টি ও ভেজা মাঠের কারণে।
একই বছর ব্যাঙ্গালুরুতে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টেও খেলা হয়নি প্রথম দিনের পর। ২০১৬ সালে ত্রিনিদানে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে প্রথম দিনে ২২ ওভার খেলা হওয়ার পর আর হতে পারেনি।
ধারণা করা হচ্ছে, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের পঞ্চম দিনের খেলা হওয়ার সম্ভাবনাও নেই। এমন ঘটনা মাত্র ৭টি টেস্টে হয়েছে। সবশেষ ১৯৯৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্টে এমন ঘটনা ঘটেছিলো।
আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের জন্য ব্যাঙ্গালুরুর ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। তবে আফগান বোর্ড বেছে নেয় গ্রেটার নয়ডাকে। সেই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হচ্ছে আফগান ক্রিকেট বোর্ডকে।