রাওয়ালপিন্ডিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ পাঁচ উইকেটে ১৯১ রান। ক্রিজে ব্যাট করছেন সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান।
ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দেন। সেখানেই আঘাত পেয়েছেন তিনি। মাঠেই মুশফিককে দেওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা। তবে মিনিটখানেক পর ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরে মাঠ ছাড়েন তিনি।
.png)
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টির কারণে চারদিনে নেমে আসা ম্যাচে টাইগাররা শুরুটা পায় দারুণ। রানের খাতা খোলার আগেই আবদুল্লাহ শফিককে বোল্ড করেন এ ম্যাচে একাদশে ফেরা তাসকিন আহমেদ।
তবে এরপর প্রথম সেশনটা নিজেদের করে নেয় পাকিস্তান। সাইম আইয়ুব আর অধিনায়ক শান মাসুদের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়েই লাঞ্চ বিরতিতে যায় তারা। বিরতির আগেই অর্ধশতক পূরণ করেন মাসুদ।
বিরতি থেকে ফিরে ফের আনন্দের উপলক্ষ পায় বাংলাদেশ। ৫৭ রান করা মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। আরেক সেট ব্যাটার সাইমকেও বেশিক্ষণ টিকতে দেননি তিনি। স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৫৮ রান করেন এ ওপেনার।
সৌদ শাকিল আজ বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন তিনি। চা বিরতির কিছু আগে বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৩১ রান করেন বাবর।
এখন মোহাম্মদ রিজওয়ান ২২ ও সালমান আঘা ৪ রানে ব্যাট করছেন।