ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিষিক্ত ওলমোর গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ২৮ আগস্ট ২০২৪
অভিষিক্ত ওলমোর গোলে বার্সার জয়
ডানি ওলমো

লা লিগার চলতি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিল বার্সেলোনা। প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে উড়তে থাকা দলটি দুর্বল প্রতিপক্ষ রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়ের স্বপ্নেই খেলতে নেমেছিল। কিন্তু প্রথমার্ধের ৯ মিনিটেই বড় ধাক্কা খায় কাতালান ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার প্রথমার্ধ কাটে বেশ অস্বস্তিতে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। অভিষেকে আলো ছড়িয়েছেন ডানি ওলমো। তাকে সঙ্গ দিয়েছেন পেদ্রি। শেষ পর্যন্ত এই দুই তারকার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

মঙ্গলবার রাতে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

Advertisement

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বার্সা। তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। ২ জয় এবং এক ড্র নিয়ে দুইয়ে আছে ভিয়ারিয়াল। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।  

এই ম্যাচে বার্সার হয়ে আলো ছড়িয়েছেন অভিষিক্ত দানি ওলমো। লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দিয়ে নিবন্ধন না হওয়ায় দলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তবে তৃতীয় ম্যাচে জাত চিনিয়েছেন এই স্প্যানিশ তারকা।

ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোল করেন ওলমো। ক্রসবার বাঁধ না সাধলে গোল পেতে পারতেন আরো একটি। অবশ্য এদিন নিজেদের মাঠে শুরুতেই বার্সেলোনাকে চাপে ফেলে দেয় ভায়োকানো। নবম মিনিটে বার্সার জালে বল জড়ান উনাই লোপেজ।

ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ তারকা। ধাক্কা সামলে নিজেদের খেলায় ফেরার চেষ্টা করে বার্সা। ১৯ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় কাতালানরা।

তবে ইনিগো মার্টিনেজের ওই শট অনায়াসে ঠেকান ভায়োকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭ মিনিটে লামিন ইয়ামালের শটও ফিরিয়ে দেন এই গোলরক্ষক। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

ওলমোকে মাঠে নামিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ান ফ্লিক। ৫১ মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভান্ডোভস্কি। ৫৩ মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিকও পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৫৮ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করেন অভিষিক্ত ওলমো। তবে ৩০ গজ দূর থেকে তার বুলেট গতির শট ক্রসবারে লাগে। তবে ভালো খেলার ফলাফল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে।

৬০ মিনিটে বার্সেলোনা শিবিরে স্বস্তি ফেরান পেদ্রি। বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। ৭১ মিনিটে একবার বল জালে জড়িয়েছিলেন লেভানদোভস্কিও।

তবে ভিএআর চেকে সেই গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন ওলমো। ম্যাচের বাকি সময়ে দুই দলই সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি কেউই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!