ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানকে হারিয়েও জরিমানার কবলে বাংলাদেশের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ২৬ আগস্ট ২০২৪
পাকিস্তানকে হারিয়েও জরিমানার কবলে বাংলাদেশের ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বড় ব্যবধানে জিতলেও শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এছাড়া শাস্তি পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও।

ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এ কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা।

একই সঙ্গে বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা।

Advertisement

এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। অবশ্য সব মিলিয়ে সাকিবের জরিমানা গুনতে হচ্ছে ২৫ শতাংশ।

আইসিসির আচরণবিধির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব। এতে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত ২১ আগস্ট শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান।

সাকিব শুরুতে থেমে গেলেও, বল হাত থেকে ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাস বল ধরেন। নিজের অপরাধ সাকিব শিকার করে নেয়ায় সাকিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!