ওপেনার সাদমান ইসলামের পর ফিফটির দেখা পান মুমিনুল হক। লাঞ্চ বিরতির পরই বাঁহাতি এই ব্যাটার অর্ধশতক তুলে নেন। খানিক পরই অবশ্য খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে তাকে সাজঘরে ফিরতে হয়।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের এ রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। সাদমান ৫৭ ও মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে আছেন।
.png)
ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে স্বস্তিতে রেখেই সফরকারীরা লাঞ্চ বিরতিতে নিয়ে যান সাদমান ও মুমিনুল। প্রথম সেশনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে সাদমান। তখন অর্ধশতকের কাছাকাছি ছিলেন মুমিনুল।
লাঞ্চের পর ফিফটি পাওয়া মুমিনুল ৭৬ বলে ৬ চারে ৫০ রান করে খুররামের বলে বোল্ড হন। তার ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল স্টাম্পে আঘাত করে। তাতে তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটির অবসান ঘটে।
বিনা উইকেটে ২৭ রান নিয়ে টিম টাইগার্স তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ওপেনার জাকির হাসান ৫৮ বলে এক চারে ১২ রান করে পেসার নাসিম শাহর অফ স্টাম্পের বেশ বলে খোঁচা মেরে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন। বাঁ-দিকে অনেকটা ঝাপিয়ে পড়ে এক হাতে বল লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক। ভেঙে যায় ৩১ রানের উদ্বোধনী জুটি।
সফরকারীদের ইনিংসের ২৭তম ওভারের শেষ বলটির লাইনই বুঝতে পুরোপুরি ব্যর্থ হন শান্ত। গুড লেন্থের ডেলিভারিটি অফ স্ট্যাম্পের উপর মাটিতে পড়ে ভেতরে ঢুকে যায়। সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় টাইগার অধিনায়ক খেলতে যান। তার ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁক থাকায় বল স্টাম্পে আঘাত হানলে ৪২ বলে ২ চারে ১৬ রানে তিনি সাজঘরে ফেরেন। ঠিক তার মতোই পরে বোল্ড হন মুমিনুল।