ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন ভিনিসিয়ুস জুনিয়র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ১৩ আগস্ট ২০২৪
ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ মৌসুমে দুর্দান্ত ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবারের ব্যালন ডি অর পুরস্কারের অন্যতম দাবীদার তিনি। চারদিকে আলোচনার মাঝে ভিনি নতুন করে শিরোনামে এসেছেন বিলিয়ন ডলারের চুক্তি ভাঙার প্রস্তাবে।

ভিনিসিয়ুসের জন্য রিয়াল মাদ্রিদের সামনে ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল এই প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল-আহলি। শুধু ফুটবলেই না, ভিনিসিয়ুসকে আর্থিক-সামাজিক আরো বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়ে রেখেছে ক্লাবটি।

একেবারে প্রাথমিক পর্যায়ে হলেও এরই মাঝে আল-আহলির প্রস্তাবে নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ। বিগত কয়েক বছর ধরেই সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ব্যবহার করে বিশ্বের নামী ফুটবলারদের ব্যাপক অর্থ দিয়ে নিজেদের লিগে টেনে নিয়েছে সৌদি আরবের ক্লাবগুলো।

Advertisement

সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে এমন দলবদল। পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, করিম বেনজেমা, রিয়াদ মাহরেজদের মতো নামী সব মুখ সৌদি লিগে ভিড় করেছেন।

সৌদির ক্লাবগুলো আবারও তরুণ তারকাদের নিজেদের ডেরায় ভেড়াতে উঠে পড়ে লেগেছে। ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে দেশটি। তার আগে নিজেদের ব্র্যান্ডভ্যালু আরো বাড়িয়ে নিতে মরিয়া তারা।

সেই সুবাদেই এবার হাত বাড়িয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। ভিনি রিয়ালে নিজের সেরা সময় কাটাচ্ছেন। এমন এক তারকাকেই দলে টানতে মরিয়া আল-আহলি। সেজন্য তাকে দেয়া হয়েছে বিশাল এক প্রস্তাব।

৫ বছরের এই চুক্তিতে রিয়ালের বর্তমান বেতনের তুলনায় ১৩ গুণ বেশি বেতন দেয়া হবে ভিনিকে। রোনালদোর সমান ২০০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। হবেন লিগের সর্বোচ্চ বেতনের অধিকারী।

এখানেই শেষ না। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে আরো বেশকিছু লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে ভিনিসিয়ুসকে। যেমন:

৫ বছরের চুক্তিতে বেতন ও বোনাস মিলিয়ে ১ বিলিয়ন ইউরো আয়ের সুযোগ
২০২৯ সালে নিজের ইচ্ছেমতো বিশ্বের যেকোনো ক্লাবে যোগদানের সুযোগ
২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ ও সৌদি লিগের দূত হবেন ভিনিসিয়ুস
খেলোয়াড়ি জীবন শেষে সৌদি আরবে নিশ্চিত সামাজিক অবস্থান     

সবশেষ গত বছরই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে এই চুক্তির। চলতি বছর ১৩ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন তিনি। পরের বছর থেকে ২০২৭ সাল পর্যন্ত ৪৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন ভিনিসিয়ুস। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!