ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১২ আগস্ট ২০২৪
আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার যারা
ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন। এছাড়া নারী বিভাগের সেরা নির্বাচিত হয়েছেন শ্রীলংকা অধিনায়ক চামারি আতাপাত্তু।

ভারত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড পেসার চার্লি ক্যাসেলকে টপকে সেরার স্বীকৃতি পান অ্যাটকিনসন। আর আতাপাত্তু পেছনে ফেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লংগার ভার্সনে ২৬ বছর বয়সী অ্যাটকিনসনের অভিষেক হয়। লর্ডসে ইংল্যান্ড কিংবদন্তী জেমস অ্যান্ডারসনের শেষ টেস্টটি ছিল অ্যাটকিনসনের প্রথম। এ ম্যাচে ১২ উইকেট নেন তিনি।

Advertisement

সিরিজের পরের দুই টেস্টে নেন আরো ১০ উইকেট। মাস সেরার পুরস্কার পেয়ে অ্যাটকিনসন বলেন, ‘আইসিসির মাস সেরার পুরস্কার পাওয়াটা সত্যিকারের অর্জন। আমার টেস্ট ক্যারিয়ারের শুরুটা অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের হয়ে প্রথম সিরিজে এমন সাফল্য আমি সত্যিই কখনো ভাবিনি।’

এদিকে আতাপাত্তুর জন্য মাস সেরার পুরস্কার নতুন কিছু নয়। এ নিয়ে তৃতীয়বার আইসিসির মাস সেরা হলেন শ্রীলংকা অধিনায়ক। নারীদের মধ্যে তিনবার করে এ পুরস্কার জিতেছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস এবং অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে শ্রীলংকা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন আতাপাত্তু। টুর্নামেন্টে ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নেন তিনি। যার স্বীকৃতি হিসেবে পান টুর্নামেন্ট সেরার পুরস্কার।

মাস সেরার স্বীকৃতি পেয়ে আতাপাত্তু বলেন, ‘তৃতীয়বারের মতো আইসিসির নারীদের মাসসেরা ক্রিকেটার হিসেবে আমাকে বেছে নেয়াতে আমি খুশি ও সম্মানিত। নিজের প্রচেষ্টার এমন স্বীকৃতি পাওয়াটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এটি অর্জিত হয়েছে আমার সতীর্থ আর কোচদের সহায়তায়।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!