৯৯ ওয়ানডে খেলা এই লেগস্পিনারের ঝুলিতে রয়েছে ১৬৯ উইকেট। টি-২০ ফরম্যাটে অজিদের হয়ে উইকেট সংখ্যা ১০৫। গত ছয় বছরে প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ পর্যাপ্ত না খেলা সত্ত্বেও টেস্ট অভিষেকের ব্যাপারে জাম্পা বেশ আশাবাদী।
ফাইনাল ওয়ার্ড পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জাম্পা বলেন, ‘আমি মনে করি, বাস্তবসম্মতভাবে আমি এখনও টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেতে পারি। যেভাবে বোলিং করছি তাতে এখন অনেক শেফিল্ড শিল্ডে ক্রিকেট খেললে আমি ভালো অবস্থায় থাকতাম। আমি যে মানের বোলার, সেই অনুযায়ী সত্যিই ভালো করতাম।’
.png)
জাম্পা গত বছর ভারতে টেস্ট সফরে সুযোগ না পাওয়ায় নিজের হতাশার কথা বলেছিলেন। নির্বাচকরা তার পরিবর্তে কুইন্সল্যান্ডের মিচেল সুইপসনকে বেছে নিয়েছিল। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন জাম্পা।
আগামী বছরের শুরুতে শ্রীলংকা সফরে দুই টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া। নির্বাচকরা অবধারিতভাবেই নাথান লায়নকে খেলাবেন। তারা পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন, উপমহাদেশ সফরের জন্য দল নির্বাচনে শেফিল্ড শিল্ডের পারফরম্যান্সই একমাত্র মানদণ্ড নয়। গ্লেন ম্যাক্সওয়েলও শ্রীলংকা সফরের জন্য বিবেচিত হচ্ছেন। জাম্পার প্রথম-শ্রেণীর ক্রিকেটে বোলিং গড় ৪৬.৯৮, যা আহামরি কিছু নয়।
এ প্রসঙ্গে জাম্পার ভাষ্য, ‘আসন্ন উপমহাদেশ সফরে যদি আমাকে বাছাই করা হয়, তবুও লোকেরা বলবে তার রেকর্ড বলছে গড় ৪৬। এটি যথেষ্ট ভালো নয়, লোকেরা এমনটা বলবে আমি নিশ্চিত। কিন্তু আমাকে যদি বাছাই করে তবে নিজের কাজটা করবো। আমি জানি যেভাবে বোলিং করছি, তাতে সব ঠিকঠাক হবে।’
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার চেয়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলাকে অগ্রাধিকার দিচ্ছেন জাম্পা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাফল্যের পর তিনি এই বছর আইপিএল এবং এমএলসি থেকে নাম প্রত্যাহার করে নেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দুই বছরের কেন্দ্রীয় চুক্তিও স্বাক্ষর করেছেন।
হলুদ জার্সিতে খেলা নিয়ে ৩২ বছর বয়সী লেগ স্পিনারের সাফ কথা, আমি ভাগ্যবান ছিলাম। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পেরেছি। ফ্র্যাঞ্চাইজি জিনিসটা আমার জন্য নয়। যতদিন পারি অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যেতে চাই।
‘এই দলে সাফল্যের অনুভূতি এমন কিছু, যা আমি আরো বেশি চাই। আমি যথেষ্ট ভাগ্যবান যে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। অস্ট্রেলিয়ার জন্য প্রতিটি ম্যাচ খেলতে চাওয়ার ভিত্তিতে আমাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে হবে।’
অস্ট্রেলিয়ার একমাত্র বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন এই লেগস্পিনার। সেপ্টেম্বরের শুরুতে স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি টি-২০ এবং ইংল্যান্ডের বিপক্ষে আরো তিনটি টি-২০ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি।