ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে গুঁড়িয়ে সিরিজ শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ৭ আগস্ট ২০২৪
ভারতকে গুঁড়িয়ে সিরিজ শ্রীলংকার
ছবি: সংগৃহীত

মাত্র ২৪৯ রানের লক্ষ্য দিয়েও ১১০ রানের বিশাল জয় পেল শ্রীলংকা। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ধসের মুখোমুখি হয় ভারত। দুনিথ ভেল্লালাগের স্পিনে ১৩৮ রানে অলআউট হয় তারা। এতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতলো স্বাগতিকরা।

কলম্বোতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটারদের সৌজন্যে শুরুটা দারুণ করে শ্রীলংকা। পাথুম নিসাঙ্কার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৯ রান করেন আভিষ্কা ফার্নান্ডো। ৬৫ বলে ৪৫ রান করে আউট হন নিসাঙ্কা।

তারপর কুশল মেন্ডিসের সঙ্গে ৮২ রানের আরেকটি শক্ত জুটি গড়েন আভিষ্কা। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হয়নি তার। ১০২ বলে ৯ চার ও ২ ছয়ে ৯৬ রান করেন লঙ্কান ওপেনার।

Advertisement

টপ অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে বড় দলীয় সংগ্রহের আভাস দিলেও শ্রীলংকা থামে ৭ উইকেটে ২৪৮ রানে। দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে স্বাগতিকরা উইকেট হারালেও কুশলের হাফ সেঞ্চুরিতে প্রতিরোধ গড়ে। শেষের আগের ওভারে তিনি আউট হন ৫৯ রান করে।

ভারতের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন রিয়ান পরাগ।

লক্ষ্যে নেমে লংকান বোলারদের মুখোমুখি হয়ে বিপদে পড়ে ভারত। দুনিথ ভেল্লালাগের বোলিংয়ে ৮২ রানেই ছয় উইকেট হারায় তারা। এর মধ্যে চার ব্যাটারই লংকান বাঁহাতি স্পিনারের শিকার। 

জেফ্রি ভ্যান্ডারসে পর পর দুই ওভারে দুটি উইকেট নিয়ে ভারতকে প্রতিরোধই গড়তে দেননি। ১০১ রানে ৮ উইকেট হারানোর পর ওয়াশিংটন সুন্দর হারের ব্যবধান কমাতে ভূমিকা রাখেন। ২৫ বলে ৩০ রান করেন তিনি।

কুলদীপ যাদবকে ফিরিয়ে ২৭তম ওভারের প্রথম বলে ভারতকে অলআউট করেন ভেল্লালাগে। ৫.১ ওভারে ২৭ রানে ৫ উইকেট নেন ভেল্লালাগে। দুটি করে উইকেট পান মাহিশ ঠিকশানা ও ভ্যান্ডারসে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!