ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে ৫ রানে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৭, ২৯ জুলাই ২০২৪
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে ৫ রানে হারাল বাংলাদেশ
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। যেখানে দ্বিতীয় ম্যাচের শেষ দিনে রোমাঞ্চকর জয় পেয়েছে এইচপির টাইগাররা। ম্যাচটি ৫ রানে জিতেছে লাল-সবুজরা।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের শেষ দিন জয়ের জন্য বিসিবি এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট। অন্যদিকে পাকিস্তান শাহিনসের ১৬০ রান। অস্ট্রেলিয়ার ডারউইনে সোমবার (২৯ জুলাই) ম্যাচটি জিতে সিরিজ ড্র করেছে মাহমুদুল হাসান জয়ের দল।

আজ এইচপি দলের জয়ের নায়কও ছিলেন কাপ্তান জয়। তবে ব্যাট হাতে নয়, বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তবে এ ম্যাচের চতুর্থ ইনিংসে বিসিবি এইচপি দলের ২৯৬ রানের জবাবে দুর্দান্ত শুরু করেছিল শাহিনস।

Advertisement

উদ্বোধনী জুটিতেই ৯৬ রান তুলে ফেলে তারা। ৬৮ রান করা অধিনায়ক শাহিবজাদা ফারহানকে আউট করে জুটি ভাঙেন এইচপি অধিনায়ক মাহমুদুল। এরপর পেসার রেজাউর রহমানের জোড়া আঘাতে কামরান গুলাম ও উমাইর আমিন শূন্য রানে আউট হন।

১৫ রান করা মোহাম্মদ ইরফানকে ইনিংস লম্বা করতে দেননি হাসান মুরাদ। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে পাকিস্তান শাহিনস। ওপেনার হাসিব উল্লাহ ৪৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। আজ রেজাউরের বলে ৫১ রানে থামে তার ইনিংস। 

এরপর পাকিস্তান শাহিনসের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাহির ও ইউসুফ লড়াই করতে থাকেন। যার ফলে ক্রমেই এইচপি দলের দুশ্চিন্তা বাড়তে থাকে। দুজন মিলে ৬৫ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন।

এ অবস্থায় ত্রাতা হয়ে আসেন অধিনায়ক নিজেই। মাহমুদুলের ‘গোল্ডেন আর্ম’ আউট করে দুজনকেই। তাহির ৪৩ ও ইউসুফ ৪৫ রান করে থামেন। ওই দুই উইকেট হারানোর পরও শাহিনসের লোয়ার অর্ডার সহজে হাল ছাড়েনি।

মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ অষ্টম উইকেটে আরও ৫৭ রান যোগ করলে জমে ওঠে ম্যাচ। জুটি ভাঙতে রেজাউরকে ফেরান মাহমুদুল। আরেক প্রান্ত থেকে নিজেও বোলিংয়ে আসেন। রেজাউর জুটি ভাঙতে ব্যর্থ হলেও সফল মাহমুদুল।

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩ উইকেটে মাত্র ৯ রান। তখন ৯১তম ওভারে ২১ রান করা আলীকে আউট করেন মাহমুদুল। ৯৩তম ওভারে এসে ২৮ রান করা শেহজাদকে থামিয়ে আবার ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।

শেষ উইকেটে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ৯৪তম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল আকরাম বোল্ড হলে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে। তাতে নিশ্চিত হয় এইচপির রোমাঞ্চকর জয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!