ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে দক্ষিণ কোরিয়া হয়ে গেল উত্তর কোরিয়া!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৭ জুলাই ২০২৪
অলিম্পিকে দক্ষিণ কোরিয়া হয়ে গেল উত্তর কোরিয়া!
ছবি- সংগৃহীত

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। তবে ‘গ্রেস্টেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মারাত্মক এক ভুল করে বসলো আয়োজকরা। যে ভুলের কারণে দক্ষিণ কোরিয়ার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও।

ভুলের ঘটনা ঘটে, যখন সিন নদীতে যখন অ্যাথলেটদের প্যারেড চলছিলো তখন। আয়োজকের পক্ষ থেকে প্যারেডে অংশ নেয়া দলগুলোর পরিচয় ঘোষণা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো দুই ভাষায়। ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায়।

বর্ণক্রম অনুসারে প্রতিটি দেশের অ্যাথলেটরা ছোট-বড় নৌকায় করে অংশ নিচ্ছিলো প্যারেডে। একে একে পার হচ্ছিল তারা সিন নদী। একটা সময় দেখা গেলা বিশাল একটি নৌকায় করে সিন নদী পার হচ্ছে দক্ষিণ কোরিয়ার অ্যাথলেট দল।

Advertisement

এ সময় ইংরেজি এবং ফরাসী- দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিলো, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া’ নামে। যাদেরকে ডাকা হয়- উত্তর কোরিয়া- নামে। মূলত দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল নাম হচ্ছে, রিপাবলিক অব কোরিয়া। অথচ তাদেরকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিলো উত্তর কোরিয়া নামে।

যখন ঘোষকরা দলের নাম ভুলভাবে ঘোষণা দিচ্ছিলেন, তখন টিভির সাবটাইটেলে কিন্তু সঠিক নামই প্রদর্শণ হচ্ছিলো। অথচ, সেদিকে কোনো খেয়ালই ছিল না ঘোষকদের।

অন্যদিকে উত্তর কোরিয়ার অ্যাথলেটরা যখন সিন নদী পার হচ্ছিল, তখনও একই নাম (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া) ঘোষণা দিচ্ছিলো তারা।

অলিম্পিকের উদ্বোধনীতে ঘোষকদের এই মারাত্মক ভুলে যারপরনাই ক্ষেপেছে দক্ষিণ কোরিয়ানরা। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, তারা শক্তভাবে ফরাসী সরকারের কাছে তাদের সরকারী পর্যায় থেকে এর তীব্র প্রতিবাদ এবং অভিযোগ জানানো হবে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় লিখেছে, ‘খুবই দুঃখের সাথে অলিম্পিক উদ্বোধনে ঘোষণার কথা বলতে হচ্ছে..., যেখানে দক্ষিণ কোরিয়ার ডেলিগেটদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে উত্তর কোরিয়া হিসেবে।’

মারাত্মক এই ভুলের ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। কোরিয়ান ভাষায় আইওসি তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘আমরা দক্ষিণ কোরিয়ার প্রতি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ডেলিগেটদের ভুলভাবে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দেয়ার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দুই কোরিয়া ভাগ হয়ে যায়। এরপর থেকে এখনও পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক বিরাজমান। মাঝে-মধ্যেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!