ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের সেমিতে যাদের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮, ২৫ জুলাই ২০২৪
এশিয়া কাপের সেমিতে যাদের মুখোমুখি হবে বাংলাদেশ
ফাইল ছবি

চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে টাইগ্রেসরা। ফাইনালে ওঠার পথে লাল-সবুজদের সামনে অপেক্ষা করছে ভারত।

আসরে প্রথম ম্যাচ হারলেও পথ হারায়নি বাংলাদেশ। বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান করে টাইগ্রেসরা। মুর্শিদা ও নিগার পান ফিফটির দেখা। জবাবে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

থাইল্যান্ডের পর মালয়েশিয়াকেও হেসে-খেলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ডাম্বুলায় টস জিতে শুরু থেকে রানরেট বাড়িয়ে নেয়ার চেষ্টা বাংলাদেশের। মারমুখী দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলেন ৫১ রান।

Advertisement

২০ বলে ৩৩ করে দিলারা আউট হলেও রানের গতি ধরে রাখেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানার সাথে গড়েন ৮৯ রানের জুটি। বড় স্কোরের ভীত তৈরি করে দিয়ে ৮০ রানে থামেন মুর্শিদা। ৫৯ বলের ইনিংসটা সাজানো ১০ চার ও এক ছক্কায়।

নিগার আরও আক্রমণাত্মক। তিনিও তুলেছেন ফিফটি। রুমানাকে নিয়ে ৩৭ রানের পার্টনারশিপ। নিগার ৩৭ বলে অপরাজিত ৬২ রানে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ গড়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড।

ব্যাটারদের পর বোলারদের কাজটা সহজ। দাঁড়াতেই দেননি মালয়েশিয়া ব্যাটারদের। ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেটে ৭৭ রানের বেশি করতে পারেনি। শ্রীলংকা ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে নিশ্চিত হয় সেই সেমিফাইনালের লাইনআপ।

টি-২০ ফরম্যাটের নারী এশিয়া কাপের দুই সেমিফাইনালই হবে আগামী ২৬ তারিখ, শুক্রবার। দিনের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগ্রেসদের। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!