ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, গ্রেটার নয়ডা, ইনদোর ও কানপুরের মাঠে নিজেদের হোম সিরিজ খেলতে পারবে আফগানিস্তান। প্রথম প্রাধান্য দেওয়া হবে নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্টেডিয়ামকে।
যদি কোনো কারণে সেখানে খেলা সম্ভব না হয় তা হলে ইনদোর ও কানপুরের মধ্যে একটি স্টেডিয়ামে খেলবে আফগানিস্তান। এদিকে মাঝে চার বছর ভারতের মাটিতে হোম সিরিজ খেলা বন্ধ ছিল আফগানিস্তানের। সেই সময় দুবাইয়ে খেলত তারা।
.png)
চলতি বছরের জুলাই মাসে আবার আফগানিস্তানকে এ বিষয়ে অনুমতি দিয়েছে বিসিসিআই। তারপরই শ্রীলংকার বিপক্ষে সাদা ও লাল বলের সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু উত্তর ভারতে দাবদাহের কারণে তা বাতিল হয়।
আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। ভারতের বিপক্ষে সিরিজের আগে আফগানদের বিপক্ষে খেলবেন কেন উইলিয়ামসনরা। টেস্টে এই প্রথম দু’দল মুখোমুখি হবে।
নয়ডার মাঠে এটাই হবে প্রথম টেস্ট। এর আগে সেখানে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ও তিনটি টি-২০ খেলেছে আফগানিস্তান।