ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপার ফাইনালে বিশৃঙ্খলা: কলম্বিয়া ফুটবলের সভাপতি গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১৬ জুলাই ২০২৪
কোপার ফাইনালে বিশৃঙ্খলা: কলম্বিয়া ফুটবলের সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মায়ামিতে রোববার অনুষ্ঠিত হয়েছে ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল। যেখানে প্রতিপক্ষ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুটা সুখকর ছিল না।

কলম্বিয়ার সমর্থকদের বিনা টিকেটে স্টেডিয়ামে প্রবেশের ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচটি মাঠে গড়ায়। এ ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। মায়ামির পুলিশ সোমবার (১৫ জুলাই) এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দর্শক-হাঙ্গামায় জড়িত আরো ২৫ জনকে আটক করা হয়েছে।

Advertisement

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে।

দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। এদিকে এ ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি ফাইনালের ভেন্যু মায়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।

ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক তৈরি করা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এক বিবৃতিতে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ‘সবাই এরই মধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়ায় দেরিতে ম্যাচ শুরু হয়।

এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল। তবে নিরাপত্তা নিয়ে তাদের যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।’

একইসঙ্গে স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার ওপর যেভাবে জোর দেওয়া হয়েছিল সেটিও দেখা যায়নি বলে হতাশ কনমেবল। সংস্থাটি বলছে, এ ধরনের ইভেন্টে নিরাপত্তার মাত্রা কেমন হওয়া উচিৎ তা নিয়ে আমরা আগেই নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু তারা বিষয়টি আমলেই নেয়নি।

উদ্ভুত পরিস্থিতিতে শিশু ও নারীসহ দর্শকদের মাঝে সৃষ্ট আতঙ্কের জন্যও দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!