ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার কোচ হিসেবে কতদিন থাকতে চান, জানালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ১৫ জুলাই ২০২৪
আর্জেন্টিনার কোচ হিসেবে কতদিন থাকতে চান, জানালেন স্কালোনি
লিওনেল স্কালোনি

২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচ হন লিওনেল স্কালোনি। তার ছোঁয়ায় যেন বদলে গেছে আকাশী-নীল শিবির। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে আলবিসেলেস্তেদের কাছে। তার অধীনে তিনটি মেজর ট্রফি জিতল মেসির দল।

এছাড়া গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনিলিসিমাও জিতেছেন স্কালোনি। ফলে তাকে নিশ্চয়ই আরো বেশি সময়ের জন্য দলের ডাগআউটে চাইবেন আর্জেন্টিনা সমর্থকরা। কিন্তু কোপার সূচি প্রস্তুতের আগে এ নিয়ে একবার জলঘোলা হয়েছিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা জিতে আজ (সোমবার) নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কথা বলেছেন স্কালোনি। দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

Advertisement

আর্জেন্টিনার কোচ হিসেবে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ, কয়েকমাস যাবৎ (আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি ও বেতন নিয়ে) অচলাবস্থা ছিল।’

এরপর তিনি বলেন, ‘যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে, আমি জানিয়েছি। তবে এখন ভালো আছি, সেসব (চুক্তিকেন্দ্রিক জটিলতা) পেরিয়ে এসে আশা করছি এই পথচলা অব্যাহত থাকবে।’

গত বছরের নভেম্বরে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকোতে জয়ের পরই আর্জেন্টাইনদের দুঃসংবাদ দেন স্কালোনি। জানিয়ে দেন আলবিসেলেস্তেদের হয়ে ইতিহাস গড়া এই কোচ দায়িত্ব ছাড়বেন।

তখন আর্জেন্টাইন গণমাধ্যম খবর দিয়েছিল, দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এই মাস্টার মাইন্ডের। সে কারণে তিনি নাকি কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানেও থাকছেন না।

যদিও পরে ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সভাপতির সঙ্গে মিটমাট করে ফেলেন স্কালোনি। তখন বলা হচ্ছিল, অন্তত এই কোপা আমেরিকা পর্যন্ত তিনি লিওনেল মেসিদের ডাগআউটে থাকবেন।

তাই তো কোপা শেষেই ফের তাকে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে আরো দুই বছরের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলছেন, ‘জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার।’

তিনি আরো বলেন, ‘সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরো দুই বছরের চুক্তি আছে। প্রেসিডেন্টকে (তাপিয়া) বলব যে আমার সঙ্গে যেন আরো ১৫ বছরের চুক্তি করেন। তারপর আমি সেটি সম্পন্ন করব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!