ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮, ১৪ জুলাই ২০২৪
জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে সিরিজ জিতল ভারত
ফাইল ছবি

জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের টার্গেট উদ্বোধনী জুটিতে স্পর্শ করে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছেন ভারতের  দুই ওপেনার যশ্বস্বী জসওয়াল ও অধিনায়ক শুভমান গিল।

সিরিজের চতুর্থ টি-২০তে ভারত ১০ উইকেটের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে। নিজেদের টি-২০ ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে ম্যাচ জিতলো ভারত। দু’বারই জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রথমবার ২০১৬ সালের জুনে জিম্বাবুয়ের ভেন্যু হারারেতে ১০০ রানের টার্গেট ১৩.১ ওভারে বিনা উইকেটে স্পর্শ করেছিলো টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে এগিয়ে হারারেতে চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

Advertisement

ব্যাট হাতে নেমে ৫২ বলে ৬৩ রানের জুটি গড়েন জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধভেরে ও তাদিওয়ানশে মারুমানি। বড় ইনিংসের আভাস দিয়েও মাধভেরে ২৫ ও মারুমানি ৩২ রান করে আউট হন।

মিডল অর্ডারে দুই ব্যাটার ব্রায়ান বেনেট ৯ ও জনাথন ক্যাম্পবেল ৩ রানে আউট হলে, ভারতের বোলারদের উপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। তার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ের বোলারদের উপর তান্ডব চালান জসওয়াল। তার ২৬ বলে ৪৭ রানের সুবাদে পাওয়ার প্লেতে ৬১ রান পায় ভারত। ২৯ বলে টি-২০তে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন জসওয়াল।

জসওয়ালের হাফ-সেঞ্চুরির পর মারমুখী ব্যাটিংয়ে ৩৬ বলে টি-২০তে তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন গিল। দুই ওপেনারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২৮ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে ৯৩ রানে অপরাজিত থাকেন জসওয়াল। ৫৩ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৫৮ রান করেন গিল। ম্যাচ সেরা হন জসওয়াল।

আজ একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও জিম্বাবুয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!