সেন্টার কোর্টে রোববার (১৪ জুলাই) কার্লোস আলকারাজকে হারালেই টেনিস বিশ্বের অনন্য উচ্চতায় জায়গা করে নেবেন জকোভিচ। ২০০৩ সালে পেশাদার ওপেনে যাত্রা শুরুর পর ২০০৮ সালে মাত্র ২০ বছর বয়সে প্রথমবার মেজর টাইটেল জেতেন তিনি।
সে সময় রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মতো তারকাকে হারিয়ে চমক দেখান জকোভিচ। এরপর গত ১৬ বছরে তিনি একে একে জিতেছেন আরো ২৩টি গ্র্যান্ড স্লাম, হয়ে উঠেছেন কিংবদন্তি। গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরারকে অনেক আগে পেছনে ফেলেছেন তিনি।
.png)
গত বছর জকোভিচ ভাগ বসিয়েছেন মার্গারেটের অক্ষত রেকর্ডেও। নারী ও পুরুষ উভয় বিভাগ মিলিয়ে টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে ৫০ বছর রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অজি কিংবদন্তি মার্গারেট। এবার তাকেও ছাড়িয়ে যাওয়ার পথে এ তারকা।
৩৭ বছর বয়সী এ সার্বিয়ান রোববার সেন্টার কোর্টে উইম্বলডনের ফাইনালে আলকারাজের মুখোমুখি হবেন। এ ম্যাচ জিতলেই টেনিস বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা হবেন জকোভিচ। একই সঙ্গে ভাগ বসাবেন ফেদেরার সর্বোচ্চ ৮ উইম্বলডন জেতার রেকর্ডেও।
বছরের প্রথম দুই গ্র্যান্ড স্লামে সুবিধা করতে পারেননি জকোভিচ। জানুয়ারিতে জ্যানিক সিনারের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। আর ইনজুরির কারণে জুনে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল নিজেকে সরিয়ে নেন।
এরপর অস্ত্রোপচারের ধাক্কা সামলে জকোভিচ উইম্বলডনের মঞ্চে। যেখানে শিরোপার দখলে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।