সপ্তাহ দুয়েক আগে টি-২০ বিশ্বকাপের নবম আসরের পর্দা নেমেছে। নানা কারণে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্ব আসরটি সমালোচিত হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে উইকেট।
যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ-ইন পিচের মন্থর উইকেটে ছিল না চার-ছক্কার উত্তেজনা। হাইভোল্টেজ ম্যাচে ভারতের ১১৯ রানের বিপরীতে ১১৩ রানে থামে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রান তাড়া করতে নেমে ৪ রানে হারে বাংলাদেশ।
.png)
এছাড়া শ্রীলংকার মতো দল অলআউট হয়েছে ৭৭ রানে। শুধু নাসাউ না যুক্তরাষ্ট্রের লডারহিল, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টসহ আরও কয়েকটি ভেন্যুতে হয়েছে লো স্কোরিং ম্যাচ। যা টি-২০ বিশ্বকাপের মতো বড় মঞ্চের উত্তেজনাকে কমিয়ে দিয়েছে।
এছাড়া আসরের সূচি নিয়েও অভিযোগ ছিল অনেক দলের। মন্থর উইকেটসহ আয়োজনের নানা ব্যর্থতা নিয়ে সভায় আইসিসির কর্মকর্তারা জেরার মুখে পড়বেন বলেই গুঞ্জন ছিল।
এবারের আসরে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এবং মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেইরি ফারলং। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট দিতে না পারার ব্যর্থতার কারণেই এই দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।
তবে আইসিসির ভেতরের একটি সূত্র জানিয়েছে তাদের পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগে থেকেই জানানো হয়েছিল। এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেও আইসিসির সভায় উপস্থিত থাকবেন।
এমনকি তারা আরো কিছুদিন আইসিসির দায়িত্ব পালন করবেন। যাতে করে নতুন যে কর্মকর্তারা যুক্ত হবেন তারা যেন নিজেদের কাজ বুঝে নিতে পারেন।