ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে উঠে আর্জেন্টিনাকে কলম্বিয়ার সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ১১ জুলাই ২০২৪
ফাইনালে উঠে আর্জেন্টিনাকে কলম্বিয়ার সতর্কবার্তা
ফাইল ছবি

কানাডাকে হারিয়ে আগেই চলমান কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ৪৮তম আসরের অপর ফাইনালিস্ট হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া।

বৃহস্পতিবার (১১ জুলাই) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) টুর্নামেন্টের সর্বোচ্চ ও নিজেদের ১৬তম শিরোপার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। বিপরীতে দ্বিতীয় কোপা জয়ের লক্ষ্য কলম্বিয়ার।

কলম্বিয়াকে ফাইনালে তুলে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলটির কোচ নেস্টর লরেঞ্জো। যেখানে আলবিসেলেস্তেদের একরকম সতর্কবার্তা দিয়ে তিনি দাবি করেছেন, ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা, তবে তার শিষ্যরাও হয়ে আছে ‘ক্ষুধার্থ’।

Advertisement

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত কলম্বিয়া। একই সঙ্গে এখন পর্যন্ত টানা ২৮ ম্যাচে অপরাজিত দলটি। তাই মেসিদের বিপক্ষে নামার আগে লিওনেল মেসির দলকে সতর্ক করে দিয়ে লরেঞ্জো বলেন, ‘আমরা এমন একটা দল যারা নায়ক হতে চায়, যারা কিছু জিততে চায়।’

আজকের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজন নিয়ে খেলেও লিড ধরে রাখে কলম্বিয়া। ম্যাচ শেষে দ্বিতীয়ার্ধে দলের পরিকল্পনা জানান আর্জেন্টিনার হয়ে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা লরেঞ্জো।

তবে কোনো অবস্থায়ই যে লাল কার্ড কাম্য ছিল না, সেটি স্পষ্ট করেই বলেন কলম্বিয়া কোচ। লরেঞ্জো বলেন, ‘মূল বিষয় হলো, আমরা কখনো একজন কমে যেতে চাই না। মাঠে ১০ জন নিয়ে একই পারফরম্যান্স ধরে রাখা প্রায় অসম্ভব।’

তিনি আরো বলেন, ‘যেসব দল প্রতিপক্ষের ওপর দাপট দেখায়, একজন কমে যাওয়ার পর তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আমরা তাই পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করেছি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!