শেষ ষোলোর লড়াইয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় তখন সময়ের ব্যাপার ছিল। ঠিক এমন সময়ই যোগ করা মিনিটে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহ্যাম। গোলটিও করেন দর্শনীয় এক বাইসাইকেল কিকে।
সমতাসূচক গোল করার পরেই নিজের চিরচেনা উদযাপন করেন বেলিংহ্যাম- দুই হাত দুদিকে প্রসারিত করে। তবে এরপর যা করেছেন তার জন্য আজ শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার।
.png)
গোল উদযাপনের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এ রিয়াল তারকা। সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাকে।
বেলিংহ্যামের শাস্তির বিষয়টি আজ এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে লিখেছে,‘ইংলিশ ফুটবলার বেলিংহামকে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় উয়েফা প্রতিযোগিতার এক ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এক ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উয়েফা বিবৃতিতে লিখেছে,‘এখনই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে আজ থেকে আগামী এক বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে।’
উয়েফার এমন সিদ্ধান্তে নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বেঁচেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বেলিংহ্যামের আর খেলতে কোনো বাধা নেই।
স্লোভাকিয়ার বিপক্ষে সেদিন দুর্দান্ত গোলটির পর গোপনাঙ্গের কাছে হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ২১ বছর বয়সি মিডফিল্ডার। ম্যাচ শেষে পরে সামাজিক মাধ্যমে উদযাপনের ব্যাখ্যায় লিখেন,‘বন্ধুদের মজা।’