ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

‘বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ১৯ জুন ২০২৪
‘বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের’
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর এই পর্বে খেলবে টাইগাররা। স্বাভাবিকভাবেই বড় কিছুর স্বপ্নই দেখছে ক্রিকেটপ্রেমীরা।

আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। তার মতে, বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। সুপার এইটে ওঠা প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ক্যারিবীয় দ্বীপেও তিনি উড়াল দিয়েছেন। প্রোটিয়া কিংবদন্তি সেন্ট ভিনসেন্ট বিমানবন্দরে পা রাখতেই মুখোমুখি হন বাংলাদেশি সংবাদমাধ্যমের।

Advertisement

সেখানেই বাংলাদেশের সম্ভাবনা ও গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয় সাবেক প্রোটিয়া পেসারের কাছে। বিভিন্ন প্রশ্নোত্তরের একপর্যায়ে তিনি টাইগার পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে মুগ্ধতার কথা জানান।

বিশ্বকাপে টাইগারদের সামর্থ্য নিয়ে স্টেইন বলেন, ‘আমি মনে করি তাদের (বাংলাদেশ) বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে। তবে ব্যক্তিগতভাবে মনে করি তারা জিতবে না, আমি এক্ষেত্রে আরো ১-২টি দলকে এগিয়ে রাখব। তবে তাদেরও সুযোগ আছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য।’

তিনি আরো বলেন, ‘সেমিফাইনালে ওঠে গেলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র ২ ধাপ দূরে থাকবে। পিচ তাদের পক্ষে, যদি কন্ডিশন তাদের বোলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে… তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সবসময় ভালো করছে।’

এখন পর্যন্ত বিশ্বকাপের ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গ্রুপ পর্ব শেষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশের তানজিম সাকিব। বোলিং করেছেন ৪.৮০ ইকোনমিতে। 

তানজিমের প্রসঙ্গে স্টেইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তার গতি আছে। সুইং করতে পারে। ইয়র্কার, চেঞ্জ অব পেস সবই তার আছে। ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!