রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দুই ম্যাচে দুই হারে বাবরদের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।
চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে হেরে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমার মনে হয় প্রথম দশ ওভারের পর ওরা (ভারত) ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১২০, প্রথম দশ ওভারে বলপ্রতি রান নিয়েছি। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি, বেশ কিছু ডট বল হয়েছে। কৌশলটা একদম সরলই ছিল।’
.png)
তিনি বলেন, ‘স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫-৬ রান আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। এতে চাপ বেড়েছে। আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি। আর (শেষ মুহূর্তে) টেলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।’
বাবর অবশ্য শেষ দশ ওভারের ব্যাটিংয়ের পাশাপাশি পাওয়ারপ্লের ব্যর্থতার দায়ও দেখছেন। মোহাম্মদ রিজওয়ান ও বাবরের উদ্বোধনী জুটি ৪.৪ ওভারে তোলে ২৬ রান, ৬ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের রান ছিল ৩৫।
ম্যাচের এই অংশেও পাকিস্তান লক্ষ্যপূরণ করতে পারেনি বলে মনে করেন বাবর, ‘আমরা প্রথম ছয় ওভারেও যথেষ্ট ভালো খেলিনি। লক্ষ্য ছিল ৪০-৪৫ রান তোলা। কিন্তু সেটা করতে পারিনি।’