বৃহস্পতিবার ডালাসে বিশ্বকাপের ১১তম ম্যাচে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় ১৫ রানে। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। পাকিস্তানের পেসার হারিস রউফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নিতীশ কুমার চার মারলে ম্যাচ যায় সুপার ওভারে। আর সেখানেই কপাল পুড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্বকাপের সহ-আয়োজকদের এমন পারফরম্যান্স মন জয় করে নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। আমেরিকানদের এমন জয়কে তিনি বলছেন, ক্রিকেটের সৌন্দর্য।
.png)
বর্তমানে নিউজিল্যান্ড বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভোরে মুখোমুখি হবে আফগানিস্তানের।
এই ম্যাচের আগে ভিডিও কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিউই অধিনায়ক। সেখানে তিনি বলেন, টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানোয় সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স দেখা যাচ্ছে।
তিনি আরো বলেন, এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে কেবল উপকৃতই করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।
পাকিস্তান-যুক্তরাষ্ট্রের ম্যাচটি গায়ানায় বসে দেখেছেন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।’