ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

আমি সব সময়ই আল্লাহর উপর বিশ্বাস করি: রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০, ৬ জুন ২০২৪
আমি সব সময়ই আল্লাহর উপর বিশ্বাস করি: রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

চলমান টি-২০ বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি।’ যেখানে বুধবার কথা বলেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এই ভিডিওতে নিজের পাশাপাশি সতীর্থদের নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছেন তিনি। 

ভিডিওতে রিয়াদ বলেন, ‘উত্থান-পতন আমার ক্যারিয়ারে কমবেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে এটাই আমি বিশ্বাস করি।’

বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘সে খুব ভালো নেতা, খুব ভালো অধিনায়ক। গেম সেন্স খুব ভালো। ম্যাচে মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে। তাকে সময় দিতে হবে। আশা করি, তার যা নেতৃত্বগুণ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’

Advertisement

ক্রিকেট জগতে আসার পেছনে বড় ভাইয়ের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার আপন ভাই, উনি ক্রিকেট খেলতেন। তার হাত ধরেই আমার পথচলা। আমার ছোটবেলার পথচলা শুরু হয়। আমার ক্রিকেটের হাতে খড়ি সবকিছুই উনার মাধ্যমে। ভাইয়াই সব সময় আমার অনুপ্রেরণা ছিল।’

বিশ্ব ক্রিকেটে দুই সাবেক ক্রিকেটার পাকিস্তানের সাইদ আনোয়ার ও ভারতের মহেন্দ্র সিং ধোনির খেলা পছন্দ মাহমুদউল্লাহর, ‘সাঈদ আনোয়ারের খেলা খুব ভালো লাগত, যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। এমএস ধোনির খেলা খুব ভালো লাগে। আমি তার অনেক বড় ভক্ত। তার টেম্পারামেন্ট এবং শান্ত মেজাজ থেকে অনেক কিছু শেখার আছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে।’

ক্রিকেট ক্যারিয়ারে ভালো-খারাপ সময় পরিবারকে সবসময় কাছে পেয়েছেন বলে জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার ভালো-খারাপ সব সময়ই পারিবার আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে। আমার বাচ্চারাও আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ, সবার বাচ্চারাই সবার বাবা-মাকে অনেক ভালোবাসে।

বিশেষভাবে আমার বড় ছেলে এখন কিছুটা হলেও খেলা বুঝে। সে সবসময় চায় আমি ছয় মারি। ছয় মারলে সে খুশি হয়। আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবন খুবই ভালো যাচ্ছে। আমার জীবনসঙ্গীনিও অনেক সাপোর্ট করে।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!